
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী জামে মসজিদের মুয়াজ্জিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মসজিদ পরিচালনা কমিটির নির্বাহী সদস্য ও বিএনপি নেতা জয়নাল চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় মসজিদ পরিচালনা কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মুয়াজ্জিন আব্দুল লতিফের লিখিত অভিযোগে জানা যায়, সোমবার (২০ অক্টোবর) জোহরের নামাজ শেষে তিনি প্রতিদিনের মতো মসজিদের দরজার গ্রীল লাগাচ্ছিলেন। এ সময় ভেতরে উপস্থিত জয়নাল চৌধুরী দরজা লাগানোর শব্দে ক্ষিপ্ত হয়ে বলেন, “শব্দ হলো কেন?” — এতেই তিনি উত্তেজিত হয়ে মুয়াজ্জিনের ওপর চড়াও হন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এই ঘটনার পরপরই মসজিদ ও আশপাশের এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। সোমবার রাতের এশার নামাজের পর স্থানীয় মুসল্লিরা জড়ো হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ জানায়। তারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলে মসজিদ পরিচালনা কমিটির কাছে স্মারকলিপি দেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও মঙ্গলবার সকালেই মসজিদ কমিটি জরুরি সভা ডেকে সিদ্ধান্ত নেয়। সভায় সভাপতি হাবিবুর রহমান, সহসভাপতি মহসিন মিয়া মধু এবং উপদেষ্টা নূরে আলম সিদ্দিকীসহ সদস্যরা উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, জয়নাল চৌধুরীকে মসজিদ পরিচালনা কমিটি থেকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে মসজিদের মুয়াজ্জিন আব্দুল লতিফ বলেন, “আমি ১৫ বছর ধরে এই মসজিদে সেবা করছি। এমন আচরণ কখনো পাইনি। আল্লাহর ঘরে অপমানিত হওয়া আমার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত। তবে আজ জোহরের নামাজের পর তিনি সবার সামনে দুঃখ প্রকাশ করেছেন, আমার কাছে মাফ চেয়েছেন — আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ক্ষমা করেছি।”
অভিযুক্ত জয়নাল চৌধুরীও বলেন, “অপ্রত্যাশিত এ ঘটনায় আমি দুঃখিত। আমি অনুতপ্ত এবং প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।”
মসজিদ কমিটির উপদেষ্টা নূরে আলম সিদ্দিকী বলেন, “ঘটনাটি আমাদের জন্য বিব্রতকর ছিল। মসজিদের পবিত্র পরিবেশ রক্ষায় আমরা দ্রুত সভা ডেকে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করেছি।”
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, “লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা মসজিদ কমিটি ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে কথা বলেছি। মঙ্গলবার জোহরের নামাজের পর বিষয়টি সুন্দরভাবে মীমাংসা করা হয়েছে।”
স্থানীয় মুসল্লিরা জানান, মসজিদ কেবল নামাজের স্থান নয় — এটি নৈতিকতা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের প্রতীক। তাই এখানে কারও প্রতি অন্যায় আচরণ মেনে নেওয়া যায় না। তবে মসজিদ কমিটির দ্রুত পদক্ষেপ এবং মুয়াজ্জিনের ক্ষমাশীল মনোভাব শ্রীমঙ্গলে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।